বিশ্বকাপে পাকিস্তান অংশ না নেয়ার সঙ্কা প্রকাশ

 


বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। শুক্রবার কিংবা সোমবারের মধ্যে দেশটির চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও শুক্রবার সেই ঘোষণা আসেনি। ফলে এখন সব নজর সোমবারের দিকেই। এরই মধ্যে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, যা নতুন করে জল্পনা বাড়িয়েছে।


অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সেই অনুষ্ঠান হয়নি। পরে পাকিস্তানের গণমাধ্যম জানায়, জার্সি উন্মোচন অনুষ্ঠানটি আপাতত স্থগিত রাখা হয়েছে।


এর আগে নিয়ম মেনেই পাকিস্তান তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছিল। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত। কিন্তু জার্সি উন্মোচন স্থগিত হওয়ায় নতুন করে ধারণা জোরালো হয়েছে—পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের দিকেই এগোচ্ছে।


পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াইয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। সংশ্লিষ্টদের দাবি, যদি পাকিস্তান অংশ নেওয়ার সিদ্ধান্ত নিত, তবে তা গত শুক্রবারই জানিয়ে দেওয়া হতো। সোমবার পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে থাকায় বয়কটের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অনেকে।


খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশকে সমর্থন জানিয়েই মূলত পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে হাঁটছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিসিবি এবং ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারও স্পষ্ট জানিয়ে দেয়—যেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেখানে ক্রিকেটার পাঠানো হবে না।


যদিও আইসিসি দাবি করেছে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবুও বাংলাদেশ ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ না করে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।


বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসায়, পাকিস্তান যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে বিকল্প দল নেওয়ার সুযোগও থাকবে না আইসিসির সামনে। সব মিলিয়ে নানা সূত্রের খবরের ভিড়ে কোনটি সত্য প্রমাণিত হবে, তা জানতে অপেক্ষা আরও এক–দুদিনের।

Post a Comment

Previous Post Next Post