অনুশীলনের সময় চোট পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলাম। আজ অনুশীলন সেশনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান এই বাঁহাতি পেসার।
চোট পাওয়ার পর শরিফুল মাথার এক পাশে ব্যথা অনুভব করার কথা জানান। কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিডিক্রিকটাইম।
আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ রয়েছে চট্টগ্রাম রয়্যালসের। ম্যাচের আগেই পরিস্থিতি বিবেচনায় শরিফুলকে পর্যবেক্ষণে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে দল কর্তৃপক্ষ।
বিডিক্রিকটাইম সূত্রে জানা গেছে, শরিফুলের চোট গুরুতর নয়। প্রাথমিকভাবে ভালো অনুভব করলেও পরবর্তীতে কিছুটা অস্বস্তি বাড়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়।
চলতি বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলছেন শরিফুল ইসলাম। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়েছে চট্টগ্রাম। সেই ম্যাচে বল হাতে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পেসার।
আগামীকাল শেখ মেহেদী হাসানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।