বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। নিলামে দেশি-বিদেশি মিলিয়ে শতাধিক ক্রিকেটার অংশ নেবেন। এরই মধ্যে ইতিহাস গড়ে প্রথমবারের মতো একজন ভারতীয় ক্রিকেটার সরাসরি বিপিএল নিলামে নাম নিবন্ধন করেছেন।
আইপিএলে নাইট রাইডার্সের হয়ে শিরোপা জেতা অভিজ্ঞ লেগস্পিনার পীযূষ চাওলা নিবন্ধন করেছেন এবারের বিপিএল নিলামে। ২০১২ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা চাওলা হয়ে গেলেন বিপিএল নিলামে নাম তোলা প্রথম ভারতীয় খেলোয়াড়।
এর আগে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদ বিপিএলে খেললেও, তিনি খেলেছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে। ফলে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে সুযোগ পেলে চাওলাই হবেন বিপিএলে মাঠে নামা প্রথম ভারতীয় ক্রিকেটার।
চাওলার সঙ্গে নিলামে আছেন আরও অনেক তারকা ক্রিকেটার—
রবি বোপারা, জনসন চার্লস, পল স্টার্লিং, সালমান আলী আঘা, নিরোশান ডিকভেলা, রায়ান বার্ল, ওয়েইন পারনেল, সন্দীপ লামিচানে, জর্জ মানসি, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিমসহ বহু অভিজ্ঞ নাম।
নিলামে ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—
-
ক্যাটাগরি A: ভিত্তিমূল্য ৩৫,০০০ ডলার
-
ক্যাটাগরি B: ২৬,০০০ ডলার
-
ক্যাটাগরি C: ২০,০০০ ডলার
-
ক্যাটাগরি D: ১৫,০০০ ডলার
-
ক্যাটাগরি E: ১৫,০০০ ডলার
প্রতিটি ক্যাটাগরিতে দর বাড়বে যথাক্রমে ৫,০০০ / ৩,০০০ / ২,০০০ / ১,৫০০ / ১,০০০ ডলার করে।
প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন দেশি ক্রিকেটার নিতে হবে। নিলামের আগে প্রতিটি দল সরাসরি দুইজন করে খেলোয়াড় দলে ভিড়িয়েছে। একেক দল সর্বোচ্চ ১৪ জন দেশি খেলোয়াড় রাখতে পারবে। পুরো স্কোয়াড হতে পারবে সর্বোচ্চ ২২ জনের। নিলাম থেকে বিদেশি খেলোয়াড় নিতে হবে কমপক্ষে দুইজন।
বিপিএল নিলাম ঘিরে এবার তাই বাড়তি উত্তেজনা—ইতিহাস গড়তে চলেছে প্রথম ভারতীয় ক্রিকেটারের অংশগ্রহণ।