বেশ কিছু নাটকীয়তার পর অবশেষে আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। এর ঠিক আগের দিন বিসিবি প্রকাশ করেছে দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা, যেখানে জায়গা হয়নি কয়েকজন পরিচিত মুখের। বাদ পড়াদের মধ্যে আছেন জাতীয় দলের দুই ক্রিকেটার—এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তাদের বাদ দেওয়ার কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।
সম্প্রতি বিসিবি জানিয়েছিল, গত আসরে ফিক্সিং সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। ফলে বাদ পড়া ক্রিকেটারদের প্রতি স্বাভাবিকভাবেই উঠছে সন্দেহের তির। এনামুল হক বিজয়ও মনে করছেন, তাকেও সেই সন্দেহের জায়গায় দাঁড় করানো হচ্ছে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপে নিজের নির্দোষ প্রমাণে সর্বোচ্চ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।
বিজয় বলেন, ‘আমি শুধু ড্রাফটটা দেখেছি। বিসিবি থেকে কেউ আমাকে ফোন করেনি। বরং আমি নিজেই ৫-৬ জনকে ফোন দিয়েছি—ফাহিম স্যার, লিপু স্যার, সিইও সুজন স্যার, বুলবুল স্যার, মিঠু ভাই—কেউই ফোন রিসিভ করেননি। শুধু ড্রাফটে দেখলাম আমার নাম নেই।’
এরপরই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘তার মানে আমি দোষী—বিষয়টা তো এমনই দাঁড়াচ্ছে। কোনো প্রমাণ ছাড়া আমার নাম বাদ দেওয়া হয়েছে। কোনো নোটিসও দেওয়া হয়নি। এটা অবাক করার মতো এবং অসম্মানজনক।’
তিনি আরও জানান, ‘একটা অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে কীভাবে ক্রিকেটারদের বাদ দেওয়া হলো—সেটাই প্রশ্ন। এ বিষয়ে বিসিবির ব্যাখ্যা পাওয়ার পরই আমি পরবর্তী সিদ্ধান্ত নেব। খুলনা থেকে ঢাকায় ফেরার পর বিস্তারিত জানবো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যতদূর যেতে হয় আমি যাব।’
উল্লেখ্য, নিলামের জন্য ঘোষিত ১৫৮ জন দেশীয় ক্রিকেটারের তালিকা থেকে মোট ৮ জন বাদ পড়েছেন—এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।