আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তান সরকার এ সিদ্ধান্ত জানানোর পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আজ জরুরি ভার্চ্যুয়াল বোর্ড মিটিং ডেকেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার। একই খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আইসিসি একটি মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছে, যেখানে টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে। আরেক সংবাদমাধ্যম নিউজ ১৮ জানায়, এই মিটিং আগামীকাল কিংবা বৃহস্পতিবার হতে পারে।
ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণ লিখেছে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়টি এখনো আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি। তবে পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, সরকারের সিদ্ধান্ত জানিয়ে আজই আইসিসিকে ই–মেইল করার কথা পিসিবির।
সূত্র মতে, পাকিস্তানকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসতে পারে জয় শাহর নেতৃত্বধীন বোর্ড থেকে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর বাবা ভারতে নরেন্দ্র মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’