আজ (শনিবার) আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও তিনজন পরিচালক। আইসিসির পক্ষে একজন প্রতিনিধি সরাসরি এবং আরেকজন অনলাইনে যোগ দেন।
বৈঠকে বিসিবি সরাসরি জানিয়েছে, বাংলাদেশ দল ভারতের মাঠে খেলবে না। তারা আগের অবস্থানেই অনড়, এবং কেন খেলতে যেতে চায় না তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। এছাড়া ভারতের বাইরে বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আহবান পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিসিবির শীর্ষ একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে আইসিসির সিকিউরিটি প্রধান সব আলোচনা শুনেছেন। আলোচনার এক পর্যায়ে গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশের ম্যাচ অন্য কোনো গ্রুপে নেওয়ার সম্ভাবনাও বিবেচনা করা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় হওয়ার কারণে এই বিকল্পটি আলোচনার মধ্যে এসেছে।
বিসিবি জানিয়েছে, বৈঠকে খেলোয়াড়, সমর্থক, সাংবাদিক ও অন্যান্যদের নিরাপত্তা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।