অস্ট্রেলিয়ার কিংবদন্তি শন টেইট তাসকিন আহমেদকে শুধু একজন ক্রিকেটার বা ফাস্ট বোলার হিসেবে দেখেন না। তার মতে, তাসকিন বাংলাদেশের পেস ইউনিটের নেতা এবং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এছাড়া মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের বোলার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে সাংবাদিকদের মুখোমুখি হন টেইট। যদিও তাসকিন বর্তমানে জাতীয় দল থেকে ছুটিতে আছেন, তবে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
টেইট বলেন, “আমি তাসকিনকে টি-টেন খেলতে দেখেছি। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। সে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সিনিয়র প্লেয়ার, দারুণ লিডার। সবাই তাকে অনুসরণ করে। তার সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। আমি ওকে প্রথম দেখার অনেক বছর হয়ে গেছে। এখন সে একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং লিডার। তার মতো কাউকে দলে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।”
মুস্তাফিজকে নিয়েও খুশি টেইট। তিনি বলেন, “ফিজ অভিজ্ঞতায় পরিপূর্ণ। সবকিছু খুব সাধারণভাবে রাখে। সে জানে নিজের শক্তির জায়গা। বিশ্বজুড়ে খেলে এসেছে। সে হাই স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে, তাই সবাই তার কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করে। আইপিএলসহ প্রতিটি প্ল্যাটফর্মে তাকে চাওয়া হয়, কারণ সে কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়।”
সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পেস ইউনিটে কাকে রাখবেন, তা নিয়ে ভাবনা রয়েছে। টেইট বলেন, “অনেক খেলোয়াড় থেকে আমাদের কয়েকজন বেছে নিতে হচ্ছে, যা খুবই ভালো। সম্ভবত এটি প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেটে, এতজন হাই কোয়ালিটি বোলারের মধ্যে থেকে সঠিক খেলোয়াড় বেছে নিতে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা তীব্র, এবং এটি দলের জন্য স্বাস্থ্যকর।”