শক্তিমত্তা, অভিজ্ঞতা ও পরিসংখ্যানের দিক থেকে আয়ারল্যান্ড এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে। তবুও প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে তারা যেভাবে জয়ী হয়েছে, তা দেখিয়ে দিয়েছে যে সফরকারীদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এবার সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় আয়ারল্যান্ড।
আইরিশ দল আগ্রাসী ক্রিকেটে বিশ্বাসী। প্রথম ম্যাচে তাদের আক্রমণাত্মক ধরনে দাঁড়াতে পারেনি টাইগাররা, আর দ্বিতীয় ম্যাচে গড়েছে নজরকাড়া প্রতিদ্বন্দ্বিতা।
আইরিশ দলের ব্যাটিং কোচ হেইনরিখ ক্লাসেন বলেন, “গত দুই ম্যাচে আমরা ভালোই খেলেছি, তবে আরও উন্নতি করতে চাই। আশা করি আগামীকাল তা মাঠে প্রয়োগ করতে পারব। সামনে বিশ্বকাপ, এই লক্ষ্য মাথায় রেখেই আমরা সিরিজ শুরু করেছি। অতীতে যা হয়েছে তা অতীত; এখন আমাদের মনোযোগ বর্তমান ও আগামী ম্যাচে। আমরা আমাদের পরিকল্পনা মেনে খেলে যেতে চাই।”
ক্লাসেন আরও যোগ করেন, “আমরা চাই টি-টোয়েন্টিতে আমাদের খেলোয়াড়রা নিজেদের খেলায় স্বাধীনভাবে উদ্ভাবনী হতে পারে। রানপ্রসবা উইকেটে টি-টোয়েন্টি সাধারণত আক্রমণাত্মক ক্রিকেটের জন্য উপযোগী। ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক খেলছে দেখে সন্তুষ্ট।”
এদিকে আইরিশ ব্যাটসম্যান টিম টেক্টর সংবাদ সম্মেলনে বলেন, “আমার মূল লক্ষ্য হলো পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলা। প্রতিটি বল আলাদা, তাই আগে থেকে ভাবি না। পুরো মাঠ বিচার করে আত্মবিশ্বাস নিয়ে যত দ্রুত সম্ভব রান তুলতে চাই।”