নিন্দুকদের মুখে সত্যিই ঝামা ঘষে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অনেকেই তাঁদের ফর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুজনেই খেললেন দারুণ। কোহলি অবিশ্বাস্য সেঞ্চুরি (১৩৫ রান) করেছেন, আর রোহিত করেছেন অর্ধশতক। ভারতের ১৭ রানের জয় নিশ্চিত করতে ম্যাচসেরাও হয়েছেন কোহলি।
ম্যাচের পর প্রেজেন্টেশনে সাংবাদিক হার্ষা ভোগলে কোহলিকে প্রশ্ন করেন, “এখন থেকে কি শুধুই এক ফরম্যাটে খেলবেন?” কোহলি স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, আমি এখন থেকে শুধু এক ফরম্যাটেই খেলব।” অর্থাৎ, টেস্টে ফেরার সম্ভাবনা নেই।
সম্প্রতি ভারতীয় দলের টেস্ট পারফরম্যান্স খারাপ হওয়ায় গুঞ্জন ওঠে, বিসিসিআই কোহলিকে টেস্টে ফেরাতে চাইতে পারে। তবে বিসিসিআই সেক্রেটারি দেবাজিত সাইকিয়া জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
কোহলির সেঞ্চুরির পর সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন এক্স-এ পোস্ট করে লিখেছেন, যদি সত্যিই রোহিত ও কোহলি টেস্টে ফেরার কথা ভাবেন, তবে তা গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত। তার মতে, ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের যদি খেলতে ইচ্ছা করে, তাদের খেলতে দেওয়াই উচিত।
উল্লেখ্য, এই বছরের মে মাসে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ভারতের হয়ে তিনি ১২৩ টেস্টে ৯,২৩৯ রান করেছেন এবং ৩০টি সেঞ্চুরি করেছেন। এছাড়া টি–টোয়েন্টি থেকেও অবসর নেওয়ায় এখন কোহলিকে দেখা যায় শুধু ওয়ানডে ফরম্যাটে।