নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় শুধু রাজশাহী ওয়ারিয়র্সের পয়েন্ট টেবিলের অবস্থান শক্ত করেনি, সঙ্গে নিজস্ব মাইলফলকও স্পর্শ করলেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এক বছরে বাংলাদেশের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়লেন রাজশাহীর বাঁহাতি ওপেনার।
গতকাল নোয়াখালীর দেওয়া ১২৪ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে সহজেই টপকায় রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন তামিম, ইনিংসে ছিলেন চারটি বাউন্ডারি এবং একটি ঐতিহাসিক ছক্কা। এই ছক্কার মাধ্যমে চলতি বছরে বাংলাদেশের মাঠে তার ছক্কার সংখ্যা দাঁড়াল ৪৮-এ, যা আগে ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের (৪৭) দখলে ছিল।
গেইলের রেকর্ড এসেছিল মাত্র ১১ ইনিংসে, যেখানে তামিমকে পৌঁছাতে হয়েছে ২৪ ইনিংস। তবুও তিনি গেইলকে ছাড়িয়ে দেশের মাঠে এক বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে ফেললেন।
রাজশাহীর এই জয়ে দলও ফিরল জয়ের পথে। ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস টানা তিন ম্যাচে হারে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে।