“জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিশ্বকাপজয়ী ক্রিকেটার, উদ্বেগে পুরো ক্রিকেট বিশ্ব”

 

মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে কৃত্রিম কোমায় রয়েছেন তিনি।

৫৪ বছর বয়সী মার্টিনের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। জানা গেছে, বক্সিং ডের দিনে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

খবরটি ছড়িয়ে পড়ার পর সাবেক সতীর্থ ও ক্রিকেট বিশ্ব থেকে দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ড্যারেন লেহম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “মার্টিন ও তার পরিবারের জন্য ভালোবাসা ও প্রার্থনা।”

১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন ড্যামিয়েন মার্টিন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে ৪৪০৬ রান করেন তিনি, যেখানে রয়েছে ১৩টি শতক। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ওয়ানডে দলের সদস্য ছিলেন মার্টিন। সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৮৮ রানের ইনিংস খেলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে আড়ালেই ছিলেন ড্যামিয়েন মার্টিন। বড়দিনের আগের দিন বক্সিং ডে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টও করেছিলেন তিনি। মাত্র কয়েক দিনের ব্যবধানে তার এমন গুরুতর অসুস্থতার খবরে ক্রিকেট অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post