আইএলটি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস। আন্দ্রেস গৌসের বিধ্বংসী সেঞ্চুরির সামনে টিকতে পারেনি এমিরেটস। তবে এই হারেও টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছেন না সাকিবরা।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ডেজার্ট ভাইপার্স। দুই ওপেনার ফখর জামান ও আন্দ্রেস গৌসের ব্যাটে গড়ে ওঠে ১৫৭ রানের দারুণ ওপেনিং জুটি। ফখর জামান করেন ৫০ বলে ৬৯ রান। অন্যদিকে ৫৮ বলে ১২০ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন গৌস। শেষদিকে ১২ বলে ৩৮ রানের ঝড়ো ক্যামিও খেলেন স্যাম কারান।
এমিরেটসের হয়ে বোলিংয়ে তেমন সাফল্য পাননি সাকিব আল হাসান। ইনিংসের সপ্তম ওভারে বল করতে এসে ১০ রান দেন তিনি, উইকেটশূন্য থাকেন। দলের পক্ষে একমাত্র উইকেটটি নেন এএম গাজানফার।
বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে এমআই এমিরেটস। ওপেনার মোহাম্মদ ওয়াসিম ৩২ বলে ৪১ রান করেন। তিন নম্বরে নেমে টম ব্যান্টন খেলেন ২৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস। তবে মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতায় একের পর এক উইকেট হারাতে থাকে দলটি।
সাকিব আল হাসান ব্যাট হাতে খেলেন ৬ বলে ৮ রানের ছোট ইনিংস। শেষদিকে রোমারিও শেফার্ডের ২৩ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রানেই থামে এমিরেটস। ৪৫ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স।
ভাইপার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন উসমান তারিক, নেন ৩ উইকেট।
এই জয়ের মাধ্যমে সরাসরি ফাইনালে উঠে গেছে ডেজার্ট ভাইপার্স। অন্যদিকে এমআই এমিরেটসের সামনে এখনও সুযোগ আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেলে ফাইনালে জায়গা করে নেবে সাকিব আল হাসানের দল।