মোস্তাফিজকে আইপিএলে খেলানো নিয়ে কড়া হুঁশিয়ারি—তোলপাড় ক্রিকেট মহলে

 

আগামী আইপিএল আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্ট শুরু হবে আগামী মার্চের শেষে এবং দুই মাস ধরে চলবে।

কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই মোস্তাফিজকে খেলানোর ঘটনায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা সতর্ক করেছেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে কলকাতা। সোশ্যাল মিডিয়াতেও কলকাতাকে বয়কটের দাবি উঠেছে।

উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ নিউজ ১৮-কে বলেছেন, “বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।”

মোস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স বিভাগ এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে। তিনি বলেছেন, “আইপিএলের সময় কোন সিরিজে মোস্তাফিজের প্রয়োজন, কোথায় নয়—সব বিচার করবে অপারেশন্স।”

তবে আইপিএলের পুরো মৌসুমে মোস্তাফিজের খেলা নিয়ে নিশ্চয়তা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে মোস্তাফিজ অংশ নেবেন, যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

Post a Comment

Previous Post Next Post