বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখাল রংপুর রাইডার্স। চট্টগ্রাম রয়্যালসকে কোনো সুযোগই না দিয়ে লিটন দাস ও ডেভিড মালানের ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটের বড় জয় দিয়ে এবারের বিপিএল শুরু করল নুরুল হাসান সোহানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে পাঠানো চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাহিদ রানার করা ইনিংসের প্রথম বলেই মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ইংলিশ ব্যাটার অ্যাডাম রশিংটন। এরপর দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নাঈম শেখ ও মির্জা বেগ। তবে দুজনের কেউই ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ৩৯ রান করে নাঈম ও ২৪ বলে ২০ রান করে বেগ আউট হন।
এরপর ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় তারা। শেষ আট ব্যাটারের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন কেবল আবু হায়দার রনি, যিনি ২১ বলে করেন ১৩ রান।
রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেন ফাহিম আশরাফ। তিনি একাই শিকার করেন ৫টি উইকেট। দুটি উইকেট নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট পান।
সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি রংপুর রাইডার্স। ওপেনার লিটন কুমার দাস ও ডেভিড মালান শুরুতে দেখে-শুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন। চার-ছক্কায় দ্রুত এগোতে থাকে রংপুর।
ফিফটির খুব কাছাকাছি গিয়েও আক্ষেপে থামতে হয় লিটনকে। ৩১ বলে ৪৭ রান করে তিনি আউট হন। পরের ব্যাটার তাওহীদ হৃদয় মাত্র ১ রান করে ফেরেন। তবে অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে অর্ধশতক তুলে নেন ডেভিড মালান। ৪৮ বলে ৫১ রান করে তিনি আউট হলেও ম্যাচ তখন রংপুরের মুঠোয়।
শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহ সহজেই জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মাহমুদউল্লাহ ১ রান ও খুশদিল ৬ রান করে অপরাজিত থাকেন। ৩০ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় রংপুর রাইডার্স।