ব্যাটিং ঝড়ে ইতিহাস! ম্যাক্সওয়েলের পাশে নিজের নাম লিখালেন তাওহীদ হৃদয়

 

প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেটশূন্য থাকলেও শেষ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে ৩ উইকেট নেওয়ায় আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়েছেন দুই ধাপ। আগেই সেরা দশে থাকা এই বাঁহাতি পেসার এখন উঠে এসেছেন ৮ নম্বরে—যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।

সিরিজসেরা শেখ মেহেদীও পেয়েছেন র‍্যাঙ্কিং উন্নতি। প্রথম ম্যাচে না খেললেও পরের দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি উঠে এসেছেন তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে। লেগ স্পিনার রিশাদ হোসেনও ব্যাট-বলের ঝলকে উঠেছেন আলোচনায়। প্রথম ম্যাচে উইকেট পেলেও দ্বিতীয়টিতে বিশ্রামে ছিলেন তিনি। তবে শেষ ম্যাচে ২১ রানে ৩ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৯ নম্বরে। আর নাসুম আহমেদ এগিয়েছেন ৫ ধাপ, এখন তিনি ২৫ নম্বরে। দুই ধাপ এগিয়ে তানজিম হাসান সাকিব অবস্থান করছেন ৩৫ নম্বরে। তবে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে, টি-টোয়েন্টি না খেলায় তাসকিন নেমে গেছেন ১০ ধাপ পিছিয়ে ৫২ নম্বরে।

ব্যাটারদের মধ্যে সর্বাধিক আলো কেড়েছেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে অপরাজিত ৮৩ রানসহ সিরিজে মোট ৮৯ রানের পারফরম্যান্সে তিনি ৫ ধাপ এগিয়ে এখন গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২ নম্বরে। পরের দুই ম্যাচে ভালো খেলায় পারভেজ হোসেন ইমন দিয়েছেন বড় লাফ—২১ ধাপ উঠে ক্যারিয়ারসেরা ৩৮ নম্বরে। যদিও শেষ ম্যাচে ফিফটি করা তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে এখন ১৯ নম্বরে আছেন, তবুও তিনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কধারী ব্যাটার।

সিরিজে ৪৭ রান করা সাইফ হাসান প্রত্যাশা পূরণ করতে না পারায় ৯ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে নেমে গেছেন। এক ফিফটি করেও দুই ধাপ পিছিয়েছেন লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক এখন অবস্থান করছেন ৪৪ নম্বরে।

Post a Comment

Previous Post Next Post