আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় ধরনের উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সদ্য আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের প্রতিফলন মিলেছে র্যাঙ্কিংয়ে।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় আগেই শীর্ষ দশে জায়গা করে নেওয়া মুস্তাফিজুর রহমান আরও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ম স্থানে। পাশাপাশি তিন ধাপ অগ্রগতিতে ১৪তম স্থানে আছেন শেখ মেহেদী হাসান। নাসুম আহমেদ পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে। সমান পাঁচ ধাপ উন্নতি করে রিশাদ হোসেন অবস্থান করছেন ১৯তম স্থানে। তানজিম হাসান সাকিবও দুই ধাপ এগিয়ে ৫০ নম্বরে পৌঁছেছেন।
আইরিশ বোলারদের মধ্যেও দেখা গেছে উল্লেখযোগ্য উন্নতি। মার্ক অ্যাডায়ার ১৩ ধাপ এগিয়ে যৌথভাবে ৫০ নম্বরে, বড় লাফ দিয়ে ম্যাথু হামফ্রেস ৪০ ধাপ অগ্রগতিতে ৭৩ নম্বরে এবং ব্যারি ম্যাককার্থি ২১ ধাপ উন্নতি করে ৭৪তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ব্যাটারদের ক্ষেত্রে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে এখন ১৯তম স্থানে। তবে তার ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমন দুর্দান্ত অগ্রগতি দেখিয়ে ২১ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩৮ নম্বরে। তার ঠিক পরেই ৯ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে আছেন সাইফ হাসান। তাওহিদ হৃদয় পাঁচ ধাপ উন্নতি করে এখন ৪২ নম্বরে অবস্থান করছেন। তিন ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে নেমে গেছেন জাকের আলী অনিক। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও ১১ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের অভিষেক শর্মা, আর বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় বরুণ চক্রবর্তী।
.png)