মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপজুড়ে আলোচনায় উঠে এসেছেন মিসরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। আল আহলির সিনিয়র দলে অভিষেক ও অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স—সব মিলিয়ে তাকে দলে পেতে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। তবে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বার্সেলোনা।
স্প্যানিশ দৈনিক *স্পোর্ট* জানিয়েছে, চলতি বছরের শেষের মধ্যেই হামজার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চায় বার্সা। প্রথমে ধারে নিয়ে পরবর্তীতে কেনার অপশন রাখার পরিকল্পনা তাদের। জানুয়ারিতেই হামজা বার্সা অ্যাতলেটিকে যোগ দিতে পারেন, যেখানে তাকে দায়িত্ব দেবেন যুবদল কোচ জুলিয়ানো বেলেত্তি।
পেদ্রিকে দলে ভেড়ানোর সময় যে কাঠামো ব্যবহার করেছিল বার্সেলোনা, হামজার ক্ষেত্রেও প্রায় একই মডেল অনুসরণ করছে ক্লাবটি।
বার্সায় যাওয়ার ব্যাপারে হামজাই সবচেয়ে আগ্রহী। তাই তিনি বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছেন। আগামী গ্রীষ্মে সিনিয়র দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে রাখার প্রতিশ্রুতিও বার্সার প্রতি তার আগ্রহ বাড়িয়েছে।
আল আহলি নীতিগতভাবে তাকে ছাড়তে রাজি, তবে চাইছে ভালো আর্থিক শর্ত—স্থায়ী ফি, বোনাস ও ভবিষ্যৎ বিক্রির শেয়ারের দাবি রয়েছে তাদের।
বার্সা স্কাউটরা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হামজার গোল করার দক্ষতা ও অবস্থানগত বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছে। জানুয়ারিতে তার বয়স ১৮ পূর্ণ হবে, ফলে চুক্তিতে কোনো বিধিনিষেধও থাকছে না।
সব ঠিক থাকলে বছরের শেষেই বার্সেলোনায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এই তরুণ প্রতিভার।