সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর। আসন্ন এই মেগা ইভেন্টে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
গত আসরে তার নেতৃত্বেই ভারত জিতেছিল টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেই সাফল্যকে স্মরণীয় করে রাখতে ও তার অবদানের প্রতি সম্মান জানাতেই রোহিতকে বড় দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব এবং বর্তমান আইসিসি সভাপতি জয় শাহ জানান, বিশ্বকাপের জন্য রোহিত শর্মার মতো একজন কিংবদন্তিকে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া তার জন্য গর্বের।
টি–টোয়েন্টি ইতিহাসে অন্যতম সফল ব্যাটার রোহিত শর্মা অংশ নিয়েছেন মোট ৯টি টি–টোয়েন্টি বিশ্বকাপে। ফরম্যাটটিতে তার রয়েছে রেকর্ড ৫টি সেঞ্চুরি, আর তিনি সংগ্রহ করেছেন ৪ হাজার ২৩১ রান—যা বহুদিন ছিল সর্বোচ্চ। তবে সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন।