চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা এখনও কাটেনি। পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তৎপর।
আইসিসির অনুরোধে আগামী এক-দুই দিনের মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত নির্দেশনা জানানো হবে। সূত্রের বরাতে জানা গেছে, শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিজেই দেবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে অনুষ্ঠিত চার ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খজা। বৈঠকের সময় ডিনার বিরতির পর আলোচনা চালিয়ে যেতে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানায়, আলোচনায় মূলত বাংলাদেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে এই বৈঠকের মাধ্যমে চলমান জটিলতার সমাধান সম্ভব হবে।
দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)ও পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে জাতীয় দল বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। একই সঙ্গে পিসিবি অভিযোগ তোলে যে বাংলাদেশ ইস্যুতে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।