বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ার আলমের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য–প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, অভিযুক্তের ব্যবহৃত সব ডিভাইস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে মোহাম্মদ ছরওয়ার আলমকে আটক করা হয়। বুধবার সকালে তাকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগে অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশ।
ডিবি প্রধান জানান, অভিযুক্তের আইডি থেকে জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি ই-মেইল পাঠানো হয়েছে—এমন তথ্যের সত্যতা পাওয়ার পরই তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।
বিষয়টি অত্যন্ত কারিগরি হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।
এদিকে আইটি বিশেষজ্ঞদের মতে, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাক করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। পাশাপাশি সরকারি কোনো আইডি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়া নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।
