নতুন সরকারের শপথে ভারত থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব, ঢাকায় আসছেন ওম বিরলা
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে কূটনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। তার সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মোদির আমন্ত্রণ গ্রহণ, তবে আসছেন না
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে একই সময়ে ভারতে একটি আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত হওয়ায় তিনি ঢাকায় আসতে পারছেন না।
এআই সামিটে বিশ্বনেতাদের সমাগম
ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, ওই সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-সহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেবেন। ফলে ব্যস্ত সূচির কারণে প্রধানমন্ত্রী মোদির পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।