ইনকিলাব জিন্দাবাদ চলবে না: জ্বালানী মন্ত্রী...

 



ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষা নিয়ে আমরা নিজেরা সচেতন হলে আজকের প্রজন্ম ‘ইনকিলাব’ শব্দ ব্যবহার করত না। তাঁর ভাষায়, এ ধরনের স্লোগান শুনলে তাঁর কষ্ট হয়। তিনি প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার লক্ষ্য কি এমন সমাজ দেখা ছিল, যেখানে মূল্যবোধ উল্টো পথে হাঁটে?

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরের সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলা ভাষাকে সত্যিকার অর্থে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা এ ধরনের শব্দচর্চা পরিহার করা উচিত। তাঁর মতে, এসব শব্দের সঙ্গে বাংলার সরাসরি সম্পর্ক নেই এবং যাঁরা একসময় এ দেশের ভাষা দমনের চেষ্টা করেছিল, তাদের ভাষা থেকেই এসব এসেছে। দেশকে ভালোবাসলে আত্মশুদ্ধি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি জানান, এ ধরনের বক্তব্যের কারণে তাঁকে কেউ কেউ ভারতের দালাল বা ‘র’-এর এজেন্ট বলতে পারেন, তবু নিজের বিশ্বাসের জায়গা থেকে তিনি কথা বলবেন।

মাতৃভাষার ইতিহাস নিয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, যে জাতি নিজের ভাষা ও ইতিহাস সম্পর্কে সচেতন নয়, তারা কখনো এগোতে পারে না। ভাষা ও ঐতিহ্যকে যথাযথভাবে না জানার কারণেই জাতীয়তাবোধ শক্ত ভিত্তি পায় না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স–এর সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যরা।

Post a Comment

Previous Post Next Post