দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, কোনটির ভরি কত?

 




টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দামে স্বর্ণ ও রুপা বিক্রি শুরু হয়েছে।


বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।


নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায়।


সংস্থাটি আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি কমবেশি হতে পারে।


এর আগে গত ১৮ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন প্রতি ভরি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ছিল ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ছিল ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।


চলতি বছরে এখন পর্যন্ত ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।


স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৭০৭ টাকায়। ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।


চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার বেড়েছে এবং ৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমেছিল।


Post a Comment

Previous Post Next Post