বিগ ব্যাশ লিগে বল হাতে আবারও জ্বলে উঠলেন হোবার্ট হারিকেন্সের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। স্পিন ভেলকিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেট শিকার করেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে অ্যাডিলেডকে ৩৭ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় হোবার্ট হারিকেন্স।
হোবার্টের বেলেরিভ ওভালে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যাডিলেড। ব্যাট করতে নেমে হোবার্টের ওপেনার মিচেল ওয়েন শুরু থেকেই ঝড় তোলেন। মাত্র ৯ বলে ৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। ওপেনিং জুটিতে আসে ৪২ রান।
তিন নম্বরে নেমে রেহান আহমেদ খেলেন ১৭ বলে ২৯ রানের কার্যকর ক্যামিও। তবে টিম ওয়ার্ড (১৭ বলে ১৭) এবং বেন ম্যাকডারমট (২৩ বলে ১৭) বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ম্যাথু ওয়েডের ১৯ বলে ২৭ রান এবং ম্যাকালিস্টার রাইটের অপরাজিত ২০ রান হোবার্টের সংগ্রহ বাড়াতে সাহায্য করে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান তোলে হোবার্ট হারিকেন্স।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স। ইনিংসের ৬ষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট তুলে নেন রিশাদ। এরপর ধারাবাহিকভাবে আঘাত হানতে থাকেন তিনি।
চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে দলের সফলতম বোলারে পরিণত হন এই বাংলাদেশি স্পিনার।
অ্যাডিলেডের হয়ে একমাত্র লড়াই চালান লিয়াম স্কট। ৫৯ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানেই থেমে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।
হোবার্টের হয়ে রিশাদের পাশাপাশি রিলে মেরেডিথ ও নাথান এলিস নেন ২টি করে উইকেট, আর ১টি উইকেট পান রেহান আহমেদ।
এই জয়ের ফলে ৮ ম্যাচে ৬ জয় ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল হোবার্ট হারিকেন্স।