বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদনে মুখ খোলল বিসিসিআই
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর আবেদন এখন আন্তর্জাতিক ক্রিকেট জগতে তোলপাড় সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে মুখ খোলেন ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই, তবে তারা স্পষ্টভাবে কোনো অবস্থান নেননি।
বিসিসিআই জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। তিনি আরও জানান, সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স সংক্রান্ত বৈঠক হয়েছিল, যেখানে মূলত সিওই এবং অন্যান্য ক্রিকেট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
এর আগে ভারতের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এই ঘটনার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে আবেদন জানায়, যেন তাদের বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানো হয়।
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এতে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করে দেয়। একই সঙ্গে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে বিশ্বকাপে খেলতে চায় না।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ, যা নির্ধারণ করবে দেশের অংশগ্রহণ সম্ভাবনা।