বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবি পরিচালকের এক পোস্ট তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি), যখন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিম ইকবালের একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লিখেন,
“এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।”
পোস্টটি কিছু সময় অনলাইনে থাকায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে গভীর রাতে পোস্টটি মুছে ফেলা হলেও ততক্ষণে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।
ঘটনাটি ঘটে আসন্ন ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে। মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম নিজের অবস্থান স্পষ্ট করেন।
তামিম বলেন, “দায়িত্বে থাকলে দেশের ভবিষ্যৎ এবং সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতাম। হঠাৎ করে মন্তব্য করা ঠিক নয়। আলোচনার মাধ্যমেই অনেক জটিল বিষয় সমাধান সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ক্রিকেটের অর্থনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক অবস্থান বিবেচনা করা জরুরি। তামিমের মতে, দেশের ক্রিকেট আয়ের প্রায় ৯০–৯৫ শতাংশই আসে আইসিসি থেকে, তাই যে কোনো সিদ্ধান্ত দেশের সর্বোত্তম স্বার্থে নেওয়া উচিত।