আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভারতের অনড় অবস্থান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পরিস্থিতিতে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো চরম সিদ্ধান্ত বিবেচনা করছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সূত্র অনুযায়ী, আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকার ও পিসিবির মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের বিষয়টি ছাড়াও পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিকল্পও আলোচনায় আসতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশের প্রতি আইসিসির আচরণকে পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পিসিবি। তাদের মতে, নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের ন্যায্যতার প্রশ্ন তুলেছে। এই তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবেই শক্ত অবস্থান নিতে চাইছে পাকিস্তান।
এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ইতোমধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে বোর্ডের অবস্থান তুলে ধরেছেন। খেলোয়াড়রাও বোর্ডের এই নীতিগত অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে।
পাক-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে মহসিন নকভি বলেন, বাংলাদেশের পক্ষে নীতিগত অবস্থান নেওয়াটা সঠিক সিদ্ধান্ত এবং আইসিসির বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না।
সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পাকিস্তান কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়।