“আইপিএলে বাদ পড়ার অপমানের কড়া জবাব! টি-২০ ইতিহাসে বিশ্বের অন্যতম সেরা মুস্তাফিজ”

 

গত কিছুদিনের নানা ঘটনার জেরে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ক্রিকেটার এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজ। চমৎকার ডেথ বোলিংয়ের মুন্সিয়ানা দেখিয়ে রংপুরকে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ফিজ।

আইপিএলের মিনি নিলামের টেবিলেও কিছুদিন আগে কাড়াকাড়ি হয়েছে মুস্তাফিজকে নিয়ে। দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয় কেকেআর।

ফিজকে ছেড়ে দেওয়ার এমন অদ্ভুত নির্দেশনাতেই কেঁপে উঠেছে ক্রিকেট দুনিয়া। যদিও মুস্তাফিজ আছেন নিজের মত। ঘুম থেকে উঠছেন, খাচ্ছেন, বিপিএলে রংপুরকে জিতিয়ে আবার টিম হোটেলে ফিরে ঘুমাচ্ছেন। বিপিএলে ধারাভাষ্য দিতে আসা সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার পারভেজ মাহারুফ এবার মেতেছেন ফিজ বন্দনায়।

বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে পারভেজ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে সে (মুস্তাফিজ) অন্যতম সেরা। পাওয়ারপ্লে এবং ডেথ বোলিংয়ে সে একজন মাস্টার। অনেক বছর ধরে সে অনেক উইকেট নিয়েছে। ইকোনমি রেট ৮ এর নিচে, যে কিনা পাওয়ারপ্লে এবং ডেথে বল করে, এটা সত্যিই দারুণ ব্যাপার। সে যদি এই ফরম্যাটে সেরা না-ও হয়, সে অন্যতম সেরা।’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে পারভেজ জানান, ‘দুঃখজনক। আমি মনে করি ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত নয়। সে নিজের সুযোগটা অবশ্যই লুফে নিত কলকাতায়। বাংলাদেশ থেকে কলকাতা বেশ কাছেই। আইপিএল এবং কেকেআর দুই পক্ষের জন্যই বড় ক্ষতি। ক্রিকেট এবং রাজনীতি মেশানো হয়েছে। সাবেক ক্রিকেটার হিসেবে আমি দুঃখিত। তবে আশা করতে পারি ক্রিকেট এবং রাজনীতি মেশানো হবে না, এর চেয়ে বেশি আমি কিছু করতে পারি না।’

মুস্তাফিজে ভর করে জয়ের দেখা পাচ্ছে রংপুর রাইডার্সও।

ফিজের সাথে দেখা হলে কী পরামর্শ দেবেন পারভেজ? জবাবে বললেন, ‘(মুস্তাফিজের সাথে) এখনও কথা হয়নি। আমি সুযোগ পেলে বলব, পরিশ্রম করে যাও, নিজের কাজটা করে যাও। চুপচাপ থেকে নিজের কাজ করে দেয়। কেবল বাংলাদেশ নয়, বিশ্বের মধ্যেই অন্যতম সেরা পারফর্মার। আমি বলতে চাইব পরিশ্রম করে যাও, পারফর্ম করে যাও।’

এছাড়া তর্কসাপেক্ষে বর্তমান বিশ্বের সেরা বোলার ভারতের জাসপ্রীত বুমরাহর সাথে মুস্তাফিজুর রহমানের তুলনার ব্যাপারে পারভেজ জানান, ‘দুজনকে তুলনা করা কঠিন। আমার মতে, বুমরাহ টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা। তবে মুস্তাফিজও অনেক বেশি পিছিয়ে নেই। জাসপ্রীত দারুণ কিছু কুইক ডেলিভারি করতে পারে। ফিজ আবার কাটারে বেশি নির্ভরশীল। দুজনকে তুলনা করা কঠিন। তারা দুজনই উপরে থাকবে। তাদেরকে আলাদা করতে চাই না। আমি (দলে) নিতে পারলে দুজনকেই নিব।

অভিষেকের সময় থেকেই ফিজের কাটার বা স্লোয়ার ডেলিভারি ছিল দারুণ কার্যকরী। এখনও বেশ কার্যকরী ফিজের এই কাটার। ব্যাপারটি মনে ধরেছে পারভেজেরও। তিনি বলেছেন, ‘এটা একটা আর্ট। স্লো বল একটা আর্ট। সে এটা দারুণভাবে রপ্ত করে ফেলেছে। নিজের অভিষেকের পর থেকেই। এজন্য অনেক প্লেয়াররাই ফিজ ফিজ বলে, তবুও ফিজকে খেলতে গিয়ে তাদের বেগ পেতে হয়।’

কিছুদিন আগেই আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে কারিশমা দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবার বিপিএলে রয়েছেন দারুণ ফর্মে। ফর্মের তুঙ্গে থাকাতেই হয়ত চড়া দামে ডাক পেয়েছিলেন আইপিএলে। যদিও কেকেআরের জার্সিতে আর মাঠে নামা হচ্ছে না ফিজের।

Post a Comment

Previous Post Next Post