“বাংলাদেশের জন্য চরম দুঃসংবাদ! ভারতে বিশ্বকাপ খেলতেই হবে—কঠিন বার্তা আইসিসির”

 

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো ভারতেই খেলতে হবে। অন্যথায় পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। এমন তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক বিশ্বস্ত সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।

প্রতিবেদনের শিরোনামে ক্রিকইনফো লিখেছে— “বাংলাদেশকে আইসিসি বলেছে, ভারতেই খেলো নাহলে পয়েন্ট হারাবে।” এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, এ বিষয়ে আইসিসি কোনো বিকল্প পথ খোলা রাখেনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা হয়। সেখানে আইসিসি জানায়, ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা কোনো ঝুঁকি দেখছে না। ফলে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর যুক্তিকে তারা গ্রহণযোগ্য মনে করছে না।

আইসিসির অবস্থান অনুযায়ী, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো না খেলে, তাহলে প্রতিপক্ষ দলগুলো পয়েন্ট পাবে। অর্থাৎ, টাইগারদের জন্য ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই সংস্থাটির।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর কঠোর অবস্থান নেয় বিসিবি। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে বিসিবি জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলা সম্ভব নয়। যদিও ভারত সরকার বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

এদিকে ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির বর্তমান অবস্থান বিসিবির পক্ষে যাচ্ছে না। যদিও এর আগে শোনা যাচ্ছিল, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন বিবেচনা করতে পারে আইসিসি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০ জানুয়ারির মধ্যেই বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

Post a Comment

Previous Post Next Post