টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশ জাতীয় দলের ম্যাচের ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই ভার্চুয়াল বৈঠকে মূলত ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে বিসিবির আপত্তির বিষয়টি আলোচনায় আসে।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আইসিসির পক্ষ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
আলোচনার সময় বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টি আবারও জোরালোভাবে তুলে ধরে এবং ভারতের মাটিতে সফর না করার সিদ্ধান্তে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।
এর জবাবে আইসিসি জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশ করা হয়েছে। ফলে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানায় সংস্থাটি। তবে বৈঠকে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, এ বিষয়ে তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি।
বৈঠক শেষে উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনার পথ খোলা রাখার বিষয়ে একমত হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে এই ইস্যুতে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই বৈঠক আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই জটিলতা কোন সমাধানের দিকে এগোয়।