ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে নতুন করে বড় ধাক্কা খেল আয়োজন সংশ্লিষ্টরা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হয়েছেন, যা বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হতে যখন মাত্র কয়েক সপ্তাহ বাকি, ঠিক তখনই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট মহলেও আলোচনার ঝড় উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিপাহ ভাইরাসে আক্রান্ত পাঁচজনের মধ্যে স্বাস্থ্যখাতের কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নারী নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিষয়টি স্বাস্থ্য কর্তৃপক্ষকে আরও সতর্ক করে তুলেছে।
বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন দেশের ক্রিকেটার, কর্মকর্তা এবং হাজারো সমর্থকের ভারতে আসার কথা থাকলেও, প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্যঝুঁকির প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে বড় আন্তর্জাতিক আয়োজন পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।
নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস, যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে।
স্বাস্থ্যঝুঁকির আগেই চলতি মাসের শুরু থেকে বিতর্কে জড়িয়ে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে।
দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত আইসিসি গত সপ্তাহে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
আইসিসির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমানে পাকিস্তানের জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে বোর্ড পর্যায়ে আলোচনা চলছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বরাতে জানা গেছে, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবারের মধ্যে অথবা সর্বোচ্চ আগামী সোমবারের মধ্যে জানানো হতে পারে।