ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেওয়া নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট দল।
রোববার পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বোর্ডের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেন। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পরিপ্রেক্ষিতেই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জিও নিউজ।
বৈঠকে উপস্থিত ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যকার চলমান বিরোধে পিসিবি চেয়ারম্যানের ‘নীতিগত অবস্থান’-এর প্রশংসা করেন।
নিরাপত্তা ও খেলোয়াড়দের সার্বিক কল্যাণের কথা উল্লেখ করে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড। শনিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে মোহসিন নাকভি আইসিসির এই সিদ্ধান্তকে ‘দ্বিমুখী মানদণ্ডের প্রতিফলন’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সরকার যে নির্দেশনা দেবে, পিসিবি সেটিই অনুসরণ করবে।
নাকভি আরও বলেন, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন ক্রিকেটের মৌলিক ও সোনালি নীতির ভিত্তিতেই দেওয়া হচ্ছে। একই সঙ্গে খেলায় রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও সতর্ক করেন তিনি। ‘রাজনীতিতে ভারাক্রান্ত ক্রিকেট কারও জন্যই মঙ্গলজনক নয়। সবাইকে ক্রিকেটের নীতির মধ্যেই কাজ করতে হবে,’ বলেন পিসিবি চেয়ারম্যান।
সূত্র জানায়, আগামীকাল প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোহসিন নাকভি। সেখানে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন নাকভি। তিনি বলেন, সাফল্যের জন্য দলগত পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিসিবি চেয়ারম্যানের মতে, জাতীয় দলের ক্রিকেটাররা প্রতিভাবান এবং সব দিক থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখেন। আসন্ন সিরিজে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন সমর্থকেরা।
এই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা, প্রধান কোচ মাইক হেসন, পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা, মিডিয়া ও বাণিজ্যিক বিভাগের পরিচালক এবং দল ব্যবস্থাপক।