সাকিবকে ছাড়িয়ে অনন্য মাইলফলকে মুস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের প্রথম ওভারে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আউট করে নতুন রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। এই কীর্তি দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এর আগে এই কীর্তি প্রথমে গড়েছিলেন সাকিব আল হাসান। মুস্তাফিজ এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন মোট ৩১৫টি ম্যাচ, যা তুলনায় কম। তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখনও সাকিব, যিনি ৪৬৮ ম্যাচে ৫০৭টি উইকেট অর্জন করেছেন।
বিশ্বের টি-টোয়েন্টি উইকেটশিকারির শীর্ষ তালিকায় সাকিবের অবস্থান পাঁচে। মুস্তাফিজও স্থান পেয়েছেন সেরা দশে। তালিকার শীর্ষে আছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান (৬৮৫ উইকেট, ৫০৭ ম্যাচ)। দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট)। তিনে সুনীল নারিন (৬০৮ উইকেট), এবং চারে দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির (৫৭০ উইকেট)।