দলকে ফাইনালে তুলে বাজিমাতের আসল রহস্য ফাঁস করলেন সাকিব!

 

আইএলটি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে দাপুটে জয় পেয়েছে এমআই এমিরেটস। সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে আবুধাবি নাইট রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

প্রথমে ব্যাট করতে নেমে আবুধাবি নাইট রাইডার্স নির্ধারিত ওভারে তোলে মাত্র ১২০ রান। বল হাতে চার ওভারে ২০ রান দিলেও উইকেট পাননি সাকিব। তবে মিডল ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে বড় স্কোর গড়তে দেননি এমিরেটসের বোলাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভিন্ন পরিকল্পনায় এগোয় এমআই এমিরেটস। চার নম্বরে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। ম্যাচের আগে দলের পরিকল্পনাই ছিল স্পিনারদের ভালোভাবে সামলানো। সেই দায়িত্ব নিখুঁতভাবে পালন করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় সহজ করে দেন তিনি।

ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন,
‘এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। টস জেতাটা কাজে লেগেছে। আমাদের সব বোলার দারুণ বল করেছে এবং নিয়মিত উইকেট নিতে পেরেছে। শেষ দিকে ব্যাট করার সময় ওভার ও পরিস্থিতি বুঝে খেলাটাই সবচেয়ে জরুরি ছিল।’

তিনি আরও বলেন,
‘উইকেটে বোলারদের জন্য কিছুটা সহায়তা ছিল, একদম সহজ ব্যাটিং উইকেট ছিল না। চাপের ম্যাচে দ্রুত উইকেট হারালে ফিরে আসা কঠিন। টিম মিটিংয়েই ঠিক ছিল, আমার কাজ হবে স্পিনারদের সামলানো। ব্যান্টন শুরু থেকেই লম্বা ইনিংস খেলার পরিকল্পনায় ছিল।’

আগামী ৪ জানুয়ারি ফাইনালে এমআই এমিরেটসের মুখোমুখি হবে ডেজার্ট ভাইপার্স। শিরোপা জয়ের লক্ষ্যে সাকিবদের দল এখন আত্মবিশ্বাসে ভরপুর।

Post a Comment

Previous Post Next Post