বিপিএলে ইতিহাস! দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে তোলপাড় আজমতউল্লাহ ওমরজাই

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। হাই ভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট, ফলে ঢাকার সামনে দাঁড়ায় ১৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার একাদশে ফেরেন তাসকিন আহমেদ ও জুবাইদ আকবরি। অন্যদিকে সিলেট দলে সুযোগ পান আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

ইনিংসের শুরুটা ভালো হয়নি সিলেটের। রনি তালুকদার ৭ বলে ১১ রান করে ফিরে যান দলীয় ১৫ রানে। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ব্যর্থ হন, ৭ বলে মাত্র ৬ রান করে আউট হন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় সিলেট।

সেই চাপ সামাল দেন পারভেজ হোসেন ইমন ও সাইম আইয়ুব। ইমন আক্রমণাত্মক ভঙ্গিতে রান তুললেও সাইম ছিলেন বেশ ধীরস্থির। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ৩৪ বলে ২৯ রান করেন। অন্যদিকে ইমন অল্পের জন্য অর্ধশতক মিস করেন—৩২ বলে ৪৪ রান আসে তার ব্যাট থেকে, যেখানে ছিল দুটি চার ও দুটি ছক্কা।

এরপর আফিফ হোসেন ধ্রুব ১৩ রান করে সাজঘরে ফিরলে আবারও চাপে পড়ে সিলেট। ঠিক তখনই দৃশ্যপটে আসেন আজমতউল্লাহ ওমরজাই। শুরুতে ১৫ রানে জীবন পাওয়া এই অলরাউন্ডার সুযোগ কাজে লাগিয়ে রীতিমতো তাণ্ডব চালান ঢাকার বোলারদের ওপর। তাকে দারুণ সঙ্গ দেন ইংলিশ তরুণ ইথান ব্রুকস।

বিশেষ করে সালমান মির্জা ছিলেন দুর্ভাগা—তার বলে একাধিক ক্যাচ ফসকে যায়। সুযোগের পুরো সদ্ব্যবহার করেন ওমরজাই। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে মাত্র ২৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি, যা চলতি আসরের দ্রুততম ফিফটির রেকর্ড।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিলেট টাইটান্স। এই ম্যাচ দিয়ে বিপিএলে ফেরার দিনে তাসকিন আহমেদ ৪ ওভারে ৪৬ রান খরচ করেন।

Post a Comment

Previous Post Next Post