নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস অস্ট্রেলিয়ার একটি স্থানীয় টি–টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। অস্ট্রেলিয়ান টি–টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডে আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে মাত্র ৮১ বলে তিনি অপরাজিত ২২৯ রান করেন। তার এই বিস্ফোরক ইনিংসে ছিল ১৪টি চার ও ২৩টি ছক্কা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের ম্যাচে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ওপেনিংয়ে নামেন এডওয়ার্ডস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা এই ডানহাতি ব্যাটার ২৩ বলেই ফিফটি পূর্ণ করেন। ইনিংসের ১১তম ওভারে সেঞ্চুরি স্পর্শ করার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। ১৭তম ওভারেই পৌঁছে যান ১৫০ রানে। শেষ চার ওভারে তার ব্যাট থেকে আসে ১৪টি বাউন্ডারি, যার মধ্যে ১২টিই ছিল ছক্কা।
এডওয়ার্ডসের বিধ্বংসী ইনিংসে ১৬ ওভার শেষে আলটোনার স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২১২। নির্ধারিত ২০ ওভার শেষে দলটির সংগ্রহ হয় বিশাল ৩০৪/২। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে উইলিয়ামস ল্যান্ডিং গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে। ফলে আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাব ম্যাচটি জেতে ১৮৬ রানের বড় ব্যবধানে।
ছয় দলের এই লিগে আলটোনা বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, আর উইলিয়ামস ল্যান্ডিং অবস্থান করছে চতুর্থ স্থানে। তবে এই প্রতিযোগিতার ম্যাচগুলো স্বীকৃত টি–টোয়েন্টি হিসেবে গণ্য হয় না। সে কারণে ডাবল সেঞ্চুরি করলেও টি–টোয়েন্টির আনুষ্ঠানিক রেকর্ডে নাম লেখানো হয়নি স্কট এডওয়ার্ডসের। ফলে আন্তর্জাতিক ও স্বীকৃত টি–টোয়েন্টিতে এখনো সর্বোচ্চ রানের রেকর্ডটি ২০১৩ আইপিএলে ক্রিস গেইলের করা ১৭৫* রানই ধরে রেখেছে।