“৯৫ বলে ১৭১* রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে নতুন রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী”

 


রেকর্ড ভাঙা–গড়ার খেলায় মেতে উঠেছেন ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন তিনি। অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে আরেকটি ঐতিহাসিক ইনিংস খেলে আবারও আলোচনার কেন্দ্রে বৈভব।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১৪টি ছক্কা। বৈভবের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের পাহাড় গড়ে ভারত।

শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বৈভব। মাত্র ৩০ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যার ৪০ রান আসে বাউন্ডারি থেকে। পরের ৫০ রান করেন আরও দ্রুত—২৬ বলে। সব মিলিয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেন ৫ চার ও ৯ ছক্কায়।

১৭১ রানের এই ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন বৈভব। অনূর্ধ্ব–১৯ ক্রিকেটে এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস। এর আগে চলতি বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রান করেছিলেন তিনি। ভারতের হয়ে অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর—২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অম্বতি রাইড়ুর ১৭৭ রান এখনো শীর্ষে।

ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে সব মিলিয়ে নবম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেললেন বৈভব। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়ক, যিনি চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন।

এ ছাড়া এক ইনিংসে ১৪টি ছক্কা মেরে যুব ওয়ানডেতে নতুন রেকর্ড গড়েছেন বৈভব। ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ১২ ছক্কার রেকর্ড ভেঙে দেন তিনি।

দলের মোট ৪৩৩ রান ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৪৮০ এবং ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড ৪ উইকেটে ৪৩৬ রান তুলেছিল।

Post a Comment

Previous Post Next Post