টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড়সড় ঘোষণা দিল ক্রিকেট নামিবিয়া। দলে নতুন করে যোগ দিলেন বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন, যিনি দেশটির কনসালট্যান্ট হিসেবে কাজ করবেন। রাজধানী উইন্ডহুকে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় নামিবিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ।
কারস্টেন কাজ করবেন বর্তমান প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে। ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য পরবর্তী টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী রূপ দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে নামিবিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে—যেমনটি করেছে ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের আসরেও।
নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে কিংবদন্তি এই কোচ বলেন,
“নামিবিয়ার ক্রিকেটের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে বিশেষ সৌভাগ্য। দেশটির ক্রিকেট অবকাঠামো এবং উন্নতির যে প্রচেষ্টা, তা আমাকে দীর্ঘদিন ধরেই মুগ্ধ করেছে। নতুন স্টেডিয়ামসহ নানা উদ্যোগ দেখে মনে হচ্ছে, তারা এখন বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুত। এই দলের বিশ্বকাপ প্রস্তুতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”
ক্রিকেট নামিবিয়া জানিয়েছে, কারস্টেনকে দলে যুক্ত করার মাধ্যমে তাদের হাই-পরফরম্যান্স ইউনিট আরও শক্তিশালী হবে। বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটে কাজের অভিজ্ঞতা, খেলোয়াড় তৈরি করার দক্ষতা এবং আন্তর্জাতিক মানের কোচিং—সব মিলিয়ে তার উপস্থিতি নামিবিয়ার ক্রিকেটে এক নতুন অধ্যায় রচনা করবে বলে বিশ্বাস কর্তাদের।
বিশ্ব ক্রিকেটে কারস্টেনের নাম আলাদা মর্যাদায় উচ্চারিত হয়। দীর্ঘ এক দশক দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ওপেনার হিসেবে খেলেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৮ রানের ইনিংস কিংবা ইংল্যান্ডে স্মরণীয় শতক—অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তবে খেলোয়াড়ি জীবনের চেয়ে কোচিং ক্যারিয়ার তাকে এনে দেয় কিংবদন্তির আসন। ২০০৭ সালে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অপরিসীম। এরপর দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বরে তোলার কৃতিত্বও তার। পাশাপাশি বিশ্বজুড়ে নানা টি–টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ ও পাকিস্তান পুরুষ দলের কোচিং অভিজ্ঞতা তাকে আরও সমৃদ্ধ করেছে।
বাংলাদেশ ক্রিকেটেও রয়েছে তার ছাপ। ২০১৮ সালে বিসিবি তাকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। তখন তিনি জাতীয় দল ও হাই-পরফরম্যান্স ইউনিটের কাঠামো, সমস্যাবলি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করেন। ২০২০ সালেও বাংলাদেশ দলের অনলাইন সেশনে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন তিনি।
অন্যদিকে ২০২১ সাল থেকে ধারাবাহিক পারফরম্যান্সে টি–টোয়েন্টি ক্রিকেটে শক্ত পরিচয় গড়ে তুলেছে নামিবিয়া। আর ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি হওয়ায় আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। সেই রূপরেখার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দলে যুক্ত করা হয়েছে গ্যারি কারস্টেনকে।