আইপিএলের নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়ার ঠিক পরদিনই মাঠে নামতে হয় মোস্তাফিজুর রহমানকে। বল হাতে দুর্দান্ত এক ওভারে তিন উইকেট নিয়ে দলকে জয়ের পথে ফেরানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তার দল দুবাই ক্যাপিটালস। এমআই এমিরেটসের বিপক্ষে সাত রানে হেরেছে তারা।
ম্যাচের ১৮তম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজ একাই ম্যাচে নাটকীয়তা ফেরান। ওই ওভারে তিনি বিদায় করেন রশিদ খান, টম ব্যান্টন ও এএম গজনফরকে। পুরো ওভারেই দেন মাত্র ১ রান। তবে এর আগে ও পরে বোলিংয়ে কিছুটা ব্যয়বহুল ছিলেন এই বাঁহাতি পেসার। বাকি তিন ওভারে তিনি খরচ করেন ৩৩ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারে ১১ রান দিয়ে শুরু হলেও ১৬তম ওভারে ফিরে এসে ছন্দে ফেরেন মোস্তাফিজ। সে ওভারে কামিন্দু মেন্ডিস ও টম ব্যান্টনের বিপক্ষে দেন মাত্র ৬ রান। এরপর ১৮তম ওভারের দুর্দান্ত বোলিংয়ে চিরচেনা মোস্তাফিজের ঝলক দেখার আশা জাগলেও শেষ ওভারে ১৬ রান দিয়ে বসেন তিনি।
শেষ ওভারের প্রথম বলেই ইয়র্কার দিয়েও রোমারিও শেফার্ডের কাছে চার হজম করেন মোস্তাফিজ। চতুর্থ বলে সুযোগ তৈরি হলেও জর্ডান কক্স ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন। শেষ বলে ছক্কা হজম করে বোলিং শেষ করেন তিনি—৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে। আগের চার ম্যাচে ৬ উইকেট নেওয়া মোস্তাফিজের মোট উইকেট দাঁড়ায় ৫ ম্যাচে ৯টিতে।
এমআই এমিরেটস তাদের ইনিংস শেষ করে তোলে ১৩৭ রান। ব্যাট হাতেও সুযোগ আসে মোস্তাফিজের সামনে। তখন সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১৬ রান। তবে মাত্র ১ রান করে রানআউট হয়ে ফেরেন তিনি। তার বিদায়ের পর ডেভিড উইলি একটি ছক্কা হাঁকালেও শেষ পর্যন্ত ৭ রানে হার মানে দুবাই ক্যাপিটালস।