হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে এশিয়া কাপে মাঠে নামছে তামিমরা— এশিয়া কাপে রেকর্ড গড়ার লড়াই!"

 

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছে। গত কয়েক মাসে দলটি কোনো সিরিজে পরাজয়ের মুখ দেখেনি। যদিও শেষ কয়েকটি সিরিজ ড্র হয়েছে, তবু পারফরম্যান্সে সন্তুষ্ট দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম। সামনে আসন্ন অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল নিয়ে মাঠে নামবেন তিনি।

বাংলাদেশ যুব দল এর আগে টানা দুইবার এশিয়া কাপের শিরোপা জিতেছে—২০২০ সালে মাহফুজুর রহমান রাব্বির অধিনায়কত্বে এবং ২০২৩ সালে আজিজুল হাকিম তামিমের হাত ধরে। এবার তাই তাদের সামনে রয়েছে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

সাম্প্রতিক সিরিজ ও প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন,‘আমরা বেশিরভাগ সিরিজ জিতেছি, কিছু ড্র হয়েছে। এখনও কোনো সিরিজ হারিনি। তাই দল নিয়ে আত্মবিশ্বাস অনেক বেশি। ব্যাটিং কোচ ও সেলিম স্যারের সঙ্গে আলোচনা করেছি—তারা বলেছেন সময় রয়েছে, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।’

নিজের পারফরম্যান্স নিয়ে তামিম জানান, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সিরিজগুলোতে তার গড় ছিল ৩০–৪০ রান। কয়েকটি হাফসেঞ্চুরি এসেছে, তবে ধারাবাহিকতা নিয়ে কোচদের সঙ্গে কাজ করছেন। তার বিশ্বাস—সময় এলেই পারফরম্যান্স আরও উন্নত হবে।

এবারের অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে মোট ৮ দল অংশ নিচ্ছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল।১২ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হবে, আর ১৩ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ডিসেম্বর নেপাল এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তামিমরা।

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তামিম বলেন,‘অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমরা বিশ্বাস করি ভালো কিছু করার মতো সামর্থ্য আমাদের আছে। প্রক্রিয়ায় বিশ্বাস রেখে এগোচ্ছি, বাকিটা আল্লাহর হাতে।’

Post a Comment

Previous Post Next Post