১৩৫ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

 

ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড দিবারাত্রি টেস্টে যেন ঘটে গেল ইতিহাসের আরেক অধ্যায়। টি-ব্রেকের পর বল হাতে ফিরেই মিচেল স্টার্ক যা করলেন, তার জন্য ক্রিকেট দুনিয়া ছিল একেবারে অপ্রস্তুত।

ওভারের দ্বিতীয় বল। হ্যারি ব্রুক ড্রাইভ করতে চেয়েছিলেন জোরে, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উড়ে গেল স্লিপে। স্টিভ স্মিথ মাথার ওপর দিয়ে অনায়াসে ক্যাচ তালুবন্দি করেন। আর তাতেই স্টার্ক তুলে নেন তাঁর ৪১৫তম টেস্ট উইকেট!

এ এক উইকেটেই স্টার্ক ছাড়িয়ে গেলেন পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার ওয়াসিম আকরামকে, যাঁর উইকেট সংখ্যা ছিল ৪১৪। এত দিন বাঁহাতি ফাস্ট বোলারদের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল ওয়াসিমের দখলে—এবার সেই জায়গায় উঠে এলেন ৩৬ বছর বয়সি অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

দিনের শুরু থেকেই স্টার্ক ছিলেন অসাধারণ ছন্দে। প্রথম ওভারেই ফিরিয়ে দেন বেন ডাকেটকে। পরের ওভারে বোল্ড করে সাজঘরে পাঠান অলি পোপকে—সেই উইকেটেই ওয়াসিমের পাশে এসে দাঁড়ান। আর টি-ব্রেকের পর ব্রুককে আউট করে একেবারে শীর্ষে!

তবে একটি জায়গায় এখনো এগিয়ে আছেন ওয়াসিম। মাত্র ১০৪ ম্যাচ ও ১৮১ ইনিংসে তিনি নিয়েছিলেন ৪১৪ উইকেট। স্টার্ক সেখানে এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১০২ ম্যাচে ১৯৫ ইনিংস। অর্থাৎ ইনিংসপ্রতি সাফল্যের বিচারে ওয়াসিমের রেকর্ড এখনও অটুট।

এখন স্টার্কের চোখ আরও বড় লক্ষ্য—বাঁহাতি বোলারদের মধ্যে (পেস ও স্পিন মিলিয়ে) সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক রঙ্গনা হেরাথ। তাঁর উইকেট সংখ্যা ৪৩৩। স্টার্কের চেয়ে মাত্র ১৮ উইকেট বেশি। বর্তমান ফর্ম যদি বজায় থাকে, তবে কয়েক মাসের মধ্যেই হেরাথকে পেছনে ফেলে আরেকটি ইতিহাস গড়তে পারেন স্টার্ক।

Post a Comment

Previous Post Next Post