অবশেষে মুখ খুললেন রাসেল—কেন ক্রিকেট ছাড়ছেন, জানালেন হৃদয় কাঁপানো কারণ

 

আসন্ন আইপিএলের আগে আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দল থেকে বাদ পড়ার কিছুদিন পরই আইপিএলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। যদিও অবসর না নিলে নিলামে অন্য দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল, তবু নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন তিনি—এবং এবার জানালেন সেই কারণ।

আইপিএলে রাসেলের সাম্প্রতিক ফর্ম ভালো ছিল না। গত মৌসুমে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৭ রান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের ব্যাখ্যায় উসাইন বোল্ট ও এবি ডি ভিলিয়ার্সের উদাহরণ টেনে রাসেল বলেন,
“বোল্ট কিংবা ডি ভিলিয়ার্সকে দেখুন। তাঁরা সেরা ফর্মে থাকতেই বিদায় নিয়েছিলেন। তখন অনেকে প্রশ্ন তুলেছিল—‘কেন?’ আমিও যখন সিদ্ধান্ত নিলাম, মনে হলো এটিই আমার জন্য সঠিক সময়। ধীরে ধীরে ম্লান হয়ে যেতে চাই না; বরং একটা দাগ রেখে বিদায় নিতে চাই।”

তিনি আরও যোগ করেন,
“আমার বিশ্বাস, অবসর নিতে হবে তখনই, যখন মানুষ প্রশ্ন করবে ‘কেন?’, এমন নয় যে তারা বলবে, ‘আসলে আপনার তো আরও কয়েক বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’”

তবে আইপিএল ক্যারিয়ার শেষ হলেও কেকেআরের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না রাসেলের। আগামী মৌসুমেই দলের পাওয়ার কোচ হিসেবে কাজ করবেন তিনি। নতুন ভূমিকাকে ইতিবাচকভাবে দেখছেন রাসেল।

তার ভাষায়,
“যতটুকু পারি নিজের দায়িত্ব পালন করব। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এত বছর ক্রিকেটের সঙ্গে থাকলে অসম্ভব বলে কিছু থাকে না। আমাদের সঙ্গে অভিষেক নায়ার, শেন ওয়াটসন, টিম সাউদি, ডিজে ব্রাভো—সবাই আছেন। শিগগিরই সবাই বসে ভূমিকা ভাগাভাগি করব। জিম, ফিটনেস কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে দলের কাজে লাগতে পারলে আমি খুশি হব।”

Post a Comment

Previous Post Next Post