দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইএলটি-২০ তে অভিষেক ম্যাচ খেলেছে মুস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬০ রান তোলার পরও দুবাই ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে গালফ জায়ান্টস। জবাবে গালফের পাথুম নিসাঙ্কা ঝড়ো ৬৭ রানে দলের জয় নিশ্চিত করেন।
টস জিতে বোলিং নেওয়া গালফ জায়ান্টসের বিরুদ্ধে শুরুটা ভালো যায়নি দুবাই ক্যাপিটালসের। তবে দ্বিতীয় উইকেটে সেদিকুল্লাহ আতাল ও ডেভিড উইলি গড়ে তুলেন ৬১ রানের জুটি। আতাল ২৫ বলে ৩৫ রান করেন দুইটি ছক্কা ও একটি চারের সাহায্যে, আর উইলি তুলে নেন ২৯ রান।
এরপর গুলবাদিন নাইব ও রভম্যান পাওয়েল ব্যর্থ হলেও, জর্ডান কক্স এবং দাসুন শানাকা ঝড়ো ব্যাটিংয়ে দারুণ ফিনিশিং দেন। কক্স ১৭ বলে ৩১ রান করেন, শানাকা ও নিশাম ১২ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দেন। শানাকা শেষ পর্যন্ত অপরাজিত ২৩ এবং নিশাম অপরাজিত ১৬ রানে মাঠ ছাড়েন। সবমিলিয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে দুবাই।
জবাবে গালফের শুরুটা দারুণ হয় পাথুম নিসাঙ্কার ব্যাটিংয়ে। মুস্তাফিজুর রহমান প্রথম বলেই উইকেট নেন, সাজঘরে ফেরান রহমানুল্লাহ গুরবাজকে। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ১০ রান দেন তিনি, এবং একটি ক্যাচও হাতছাড়া হয়।
১২তম ওভারে মুস্তাফিজ ফিরে আসেন কাটার মাস্টার হিসেবে। এই ওভারে ফেরান পাথুম নিসাঙ্কাকে, যিনি ৩১ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেছেন। এরপর জোড়া আঘাত করেন শানাকা। ১৬তম ওভারে নিজের শেষ বোলিংতেও মাত্র ৪ রান খরচ করেন মুস্তাফিজ।
অবশেষে চার ওভারে মুস্তাফিজ ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এবং ফিল্ডিংয়ে দুইটি ক্যাচও নিশ্চিত করেন। অভিষেকেই দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে ছাপ রেখে প্রথম ম্যাচে সবাইকে মুগ্ধ করেছেন কাটার মাস্টার মুস্তাফিজ।