পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরের সূচি ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মতো এবারও পিএসএল আইপিএলের সময়েই অনুষ্ঠিত হবে। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই টুর্নামেন্টের কারণে পাকিস্তানের বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে।
আইসিসির ভবিষ্যত সফরসূচি (এফটিপি) অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তান বাংলাদেশে ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসার কথা। তবে পিএসএল আগামী ২৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলবে। পাকিস্তানি সূত্র জানিয়েছে, এই কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচিতে পরিবর্তন আনা হতে পারে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পিসিবির সঙ্গে আলোচনা করছে।
পিএসএলের এবারের আসরে দল সংখ্যা দুইটি বেড়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো পুনর্বিন্যাস করতে হবে। পিএসএল বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে লন্ডনের লর্ডস ও নিউইয়র্কসহ বিশ্বের বড় শহরগুলোতে রোড শো আয়োজন করেছে পিসিবি।