টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বড় চমক! বাদ শুভমান গিল—তোলপাড় ভারতে

 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের স্কোয়াড কেমন হবে—তা নিয়ে গত কয়েক দিন ধরেই চলছিল আলোচনা। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশটির বাকি দুই ফরম্যাটের অধিনায়ক শুভমান গিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত গিলকে বাদ দিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ভারত

১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন রিংকু সিং ও ইশান কিষাণ। অন্যদিকে গিলের পাশাপাশি বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা। দুজনেই সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন, যদিও ইনজুরির কারণে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি শুভমান গিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের অধিনায়ক হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে। ভারতের মাটিতে ২১ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। এর আগে ১১ জানুয়ারি থেকে দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনে হবে তিনটি ম্যাচ। ‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। ভারত–পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোয়

সর্বশেষ ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপে শুভমান গিলকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, টি-টোয়েন্টিতেও নেতৃত্বের পথে এগোচ্ছেন তিনি। তবে সাম্প্রতিক ফর্মের অবনতি এবং দলীয় কম্বিনেশনের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি গিলের। তাকে খেলাতে গিয়ে ওপেনিংয়ে জায়গা হারাতে হয়েছিল সঞ্জু স্যামসনকে। গিল না থাকায় এবার সেই জায়গা পাকাপোক্ত হলো স্যামসনের। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকছেন ইশান কিষাণ।

বোলিং বিভাগে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের সঙ্গে পেস আক্রমণে আছেন হার্শিত রানা। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগে যথারীতি ভরসা রাখা হয়েছে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের ওপর, সঙ্গে আছেন ওয়াশিংটন সুন্দর।

📋 ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)।

Post a Comment

Previous Post Next Post