দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলামে দল খুঁজে পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার— মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
নিলামের প্রথম ধাপে দুজনেই অবিক্রিত ছিলেন। নিয়ম অনুযায়ী, ‘বি’ ক্যাটাগরির ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারকে পরবর্তীতে ‘সি’ ক্যাটাগরির ২২ লাখ টাকায় নিলামে তোলার কথা ছিল। তবে নিলামে তাঁদের প্রতি সম্মান দেখিয়ে তা করা হয়নি।
শেষ পর্যন্ত মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে রাজশাহী ওয়ারিয়র্স ৩৫ লাখ টাকায় দলে নিয়েছে।
অন্য এক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হকও প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন। তাকে ২২ লাখ টাকায় দলে নিয়েছে সিলেট টাইটানস।
নিলামের প্রথম ধাপ শেষে অবিক্রিত থাকা মুশফিক এই ঘটনার কিছুক্ষণ পর নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,”সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ”। এতে বোঝা যাচ্ছে, তিনি দল না পাওয়ার পরিস্থিতিকেও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন।