ম্যাচ জিতেও মহা দুশ্চিন্তায় লিটন দাস, নিজের দোষ চাপালেন অন্যের ঘাড়ে

 


আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের জয়ে স্বস্তি পেল বাংলাদেশ। তবে এই জয়েও পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক লিটন কুমার দাস। তার মতে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আরও উন্নতির প্রয়োজন রয়েছে।


প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান। ম্যাচে এক পর্যায়ে ১৭০ রানের আভাস দিয়েছিল টাইগাররা। বিশেষ করে তানজিদ হাসান তামিমের ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখায়। তবে শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান আসায় কাঙ্ক্ষিত স্কোর পায়নি বাংলাদেশ।



বোলিংয়েও শুরুটা ভালো ছিল। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দেন। তবে মাঝের ওভারে শামীম হোসেন ও সাইফ হাসানের ব্যর্থ বোলিংয়ে আফগানরা ম্যাচে ফিরেছিল। শেষদিকে রশিদ খান ও নুর আহমেদের আক্রমণে হারের শঙ্কাও দেখা দিয়েছিল।


ম্যাচ শেষে লিটন বলেন,


“অবশ্যই জয় পাওয়া স্বস্তির ব্যাপার। তবে শেষ ৪-৫ ওভারে ভালো ব্যাটিং করিনি। মাঝের ওভারে বোলিংও তেমন ভালো হয়নি। উইকেট দেখে মনে হয়েছিল ১৬০ রান যথেষ্ট হবে, কিন্তু আমরা ১৫-২০ রান কম করেছি।”


তিনি আরও যোগ করেন,


“তবুও আমাদের বোলাররা চমৎকার করেছে। বিশেষ করে নাসুম অনেক দিন পর সুযোগ পেয়ে নিজের দক্ষতা দেখিয়েছে, রিশাদও দুর্দান্ত ছিল।”


অধিনায়ক ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম ও বোলিংয়ে নাসুম আহমেদের অবদানও বিশেষভাবে উল্লেখ করেন।


তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের টেবিলের দুই নম্বরে আছে বাংলাদেশ। তবে এখনও সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়নি। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াইয়ের ফলের ওপর নির্ভর করছে টাইগারদের পরবর্তী ভাগ্য।

Post a Comment

Previous Post Next Post