বন্ধুকে পিটিয়ে হাসপাতালে পাঠানো। তাসকিন আহমেদকে নিয়ে গত ২৮ জুলাই এমন অভিযগই উঠেছিলো। থানায় করা হয়েছে জিডিও।
পরে অবশ্য তাসকিন জানিয়েছেন পুরোটাই মিথ্যা, বানোয়াট। রাতে দুই পক্ষ সমঝোতায় যাচ্ছে এওন খবরও প্রকাশ হয়।
সত্য হোক কিংবা মিথ্যা তাসকিনের মতো একজন তারকা ক্রিকেটারের নামের সাথে এমন কিছু জড়ানো নেতিবাচকই। যার কিছুটা স্পর্শ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গায়েও লেগেছে।
অতীতেও বিভিন্ন ক্রিকেটারের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বোর্ড। তাই এবার আরেকটু নড়েচড়ে বসছে তারা। ক্রিকেটাররা কী করতে পারবে আর কী পারবে না তা নিয়ে একটা ছোট 'ওয়ার্কশপ' আয়োজন করবে বিসিবি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সংবাদ মাধ্যমে বলেন, 'আমরা আগস্টে জাতীয় ক্রিকেটারদের নিয়ে একটি সংক্ষিপ্ত কর্মশালার আয়োজন করার পরিকল্পনা করছি, কারণ আমাদের মনে হয় তাদের আবার মনে করিয়ে দেওয়া দরকার যে তারা কী করতে পারে আর কী করা উচিত নয়।'
'তারা শুধু ক্রিকেটারই নয়, অনেক তরুণ তাদের অনুসরণ করে, তারা অনেকের আদর্শ। ফলে তাদের ভক্তদের প্রতি কিছুটা জবাবদিহিতাও রয়েছে।'
সাম্প্রতিক ঘটনা ঝেড়ে ফেলে আজ (২৯ জুলাই) তাসকিনকে অবশ্য হাসিমুখে মিরপুরে দেখা গেছে। পুরোপুরি বোলিং অনুশীল না হলেও একাডেমি মাঠের গ্রিণ হাউজে করেছেন কিছু ড্রিল।