এক রাতে পাল্টে গেল সব হিসাব! ভারতের বিপক্ষে খেলা নিয়ে কঠিন সিদ্ধান্ত পাকিস্তানের

 

ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হওয়ায় শুরুতে কঠোর অবস্থান নেয় পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের জেরে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়লে সংহতির বার্তা দিয়ে পাকিস্তান ঘোষণা দেয়—ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ তারা খেলবে না। ম্যাচটি আয়োজনের কথা ছিল শ্রীলঙ্কার মাটিতে।

তবে পাকিস্তানের এমন অবস্থানের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। গেট রেভিনিউ, হসপিটালিটি বিক্রি ও সম্প্রচার আয়—সব মিলিয়ে উল্লেখযোগ্য ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় এসএলসি।

এরপর থেকেই পাকিস্তানের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে এসএলসি বোর্ড প্রেসিডেন্ট শাম্মি সিলভা ব্যক্তিগতভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেন।

তিনি পাকিস্তানকে মনে করিয়ে দেন—এই কঠিন সময়ে শ্রীলঙ্কার আর্থিক ক্ষতি ঠেকাতে সহযোগিতা জরুরি। সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান শ্রীলঙ্কার অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেনি; বরং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।পাকিস্তান এখন পর্যন্ত তাদের সব ম্যাচ খেলছে কলম্বো ও পাল্লেকেলেতে। উদ্বোধনী ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আর তৃতীয় ম্যাচ নির্ধারিত ছিল ভারতের সঙ্গে—যার ভবিষ্যৎ এখন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

নিয়ম অনুযায়ী পাকিস্তান ম্যাচ না খেললেও ভারতকে মাঠে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হতো। তবে সর্বশেষ আলোচনার পর আশার আলো দেখা যাচ্ছে—শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিতও হতে পারে।

Post a Comment

Previous Post Next Post