একদিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন ধরা পড়ে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। উৎপত্তিস্থল হিসেবে নির্ধারিত হয়েছে নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার আগারগাঁও থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত অঞ্চলের ভূ-পৃষ্ঠের গভীরে কম্পনের উৎস ছিল। যদিও ৩.৬ মাত্রার এই কম্পন ‘মৃদু’ হিসেবে বিবেচিত, বিস্তৃতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, একদিন আগেও, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। দুই দিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে পরপর কম্পনের কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
